রাজশাহী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মডেল স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাফিক সাব্বির জয়কে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আরও তিন জনকে।
বুধবার রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক এটিএম মেজবাউদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- সামীউল ইসলাম সোহাগ, মো. লালন ও রেজাউর রহমান রবীন। ১০ বছর সাজাপ্রাপ্তরা হচ্ছে- আশরাফুজ্জামান শিপলু, মো. রিপন ও মো. সবুজ।
তারা সবাই নগরীর রাজপাড়া এলাকার বাসিন্দা এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
১০ বছর সাজাপ্রাপ্তদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। টাকা দিতে ব্যর্থতায় তাদের সাজা খাটতে হবে আরও তিন মাস।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি হোসেন রেজা ও মো. মিঠুনকে খালাস দিয়েছে আদালত।
রায়ের সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। ছিলেন নিহত জয়ের মা হাবিবা বেগমও।
পারিবারিক শত্র"তার জের ধরে ২০০৭ সালের ১১ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে শিক্ষক দম্পতির ছেলে জয়ের ওপর হামলা করে। গুরুতর আহত জয় ওই দিন সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
জয়ের বাবা আব্দুস সাত্তার পরদিন রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
২০০৭ সালের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ওই বছরের ৭ আগস্ট মামলার অভিযোগ গঠন হয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় দিলো।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে জয়ের মা রাজশাহী মিশন গার্লস স্কুলের শিক্ষক হাবিবা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই আসামির খালাস এবং অপর তিন আসামির মাত্র ১০ বছর কারাদণ্ডের এ রায়ে আমি সন্তষ্ট নই। ১০ বছর পরে আসামিরা আবার ঘরে ফিরে আসবে, কিন্তু আমার ছেলে তো আর ফিরবে না।"
তিনি জানান, জয়ের বাবা আব্দুস সাত্তার ছেলের শোকে শয্যাশায়ী। আব্দুস সাত্তারও এক জন স্কুল শিক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24