২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমন মৌসুমে দু'লাখ টন চাল কিনবে সরকার

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে দু'লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে দু'লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ৩১ অক্টোবরের পর থেকে ছয় সিটি করপোরেশন ছাড়া দেশের অন্য এলাকায় খোলা বাজারে চাল বিক্রির কর্মসূচি বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, খাদ্য সহায়তা প্রকল্প ভিজিএফ এর বরাদ্দ দুই লাখ ২৫ হাজার টন থেকে বাড়িয়ে চার লাখ টন করা হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এম এম শওকত আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহের ক্ষেত্রে প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ২৬ টাকা। আগামী ২৫ নবেম্বর থেকে সংগ্রহ অভিযান শুরু হবে।" সভা সংশ্লিষ্টরা জানান, এবার দেড় লাখ টন চাল এবং ৭৫ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্য ঠিক করা হয়েছে। সংগ্রহ করা ধান থেকে ৫০ হাজার টন চাল পাওয়া যাবে। ফলে মোট চালের পরিমাণ হবে দু'লাখ টন । কর্মকর্তারা জানান, আগামী ৩১ অক্টোবর বোরো সংগ্রহ অভিযান শেষ হবে। তবে যেসব মিল মালিকের সঙ্গে চুক্তি হয়েছে তাদের কাছ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চাল নেওয়া হবে। এবার বোরো মৌসুমে সংগ্রহ করা প্রতি কেজি চালের দাম প্রথমে ২৮ টাকা এবং পরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়। বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৪ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এরমধ্যে ১২ লাখ টন চাল কেনা হয়ে গেছে। বাকি চাল ১০ নবেম্বরের মধ্যে সরকারের গুদামে চলে আসবে বলে খাদ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির মঙ্গলবারের সভায় খাদ্য সহায়তামূলক প্রকল্প ভিজিএফ-এ বরাদ্দ বাড়িয়ে চার লাখ টন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে সারাদেশের প্রতিটি ইউনিয়নে এক হাজার করে ভিজিএফ কার্ড দেওয়া হবে। খাদ্য উপদেষ্টার সভাপতিত্বে সভায় অর্থ উপদেষ্টা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এসএনডি/এসকে/২০৩১ঘ.