চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিচারক এসএম সোলায়মান আগামী ৫ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন।
অসুস্থতার কারণে মেয়র আদালতে উপস্থিত হননি।
মেয়রের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র অসুস্থ থাকায় তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন হয়। আদালত এর আগে আইনজীবীর মাধ্যমে মেয়রের হাজিরার বিষয়টি অনুমোদন করেন।"
আয় গোপন এবং হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে আয়কর বিবরণী জমা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার জিয়াউল হক ২০০৭ সালের ৭ জুলাই এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার ১৫ টাকা আয় গোপন করে এর ওপর প্রযোজ্য ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকা আয়কর ফাঁকির অভিযোগ করা হয়।
গত ২০ অক্টোবর একই আদালতে সিটি কর্পোরেশনের আবর্জনা অপসারণের জন্য ট্রাক ভাড়ায় ১১ লাখ টাকা দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় মেয়রের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। এক বছর ৭ মাস আটক থাকার পর হাইকোর্ট থেকে সবকটি মামলায় জামিন পেয়ে গত ৮ অক্টোবর তিনি বন্দিদশা থেকে মুক্ত হন।
তবে আইনি জটিলতার কারণে এখন পর্যন্ত মেয়রের দায়িত্ব বুঝে পাননি মহিউদ্দিন চৌধুরী। চিকিৎসার জন্য তিনি বুধবার ব্যাংকক যাবেন বলে তার স্ত্রী হাসিনা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৭০৬ ঘ.
bdnews24