ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান গ্যাস পরিস্থিতিতে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করবে কিনা না- সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছে না সরকার।
সোমবার রাজধানীর হোটেল শেরাটনে 'ন্যাচেরাল গ্যাস ইন বাংলাদেশ: ডিমান্ড অ্যান্ড সাপ্লাই স্পেকট্রাম' শীর্ষক সেমিনারে ব্যবসায়ীরা সরকারি কর্মকর্তাদের কাছে গ্যাস পরিস্থিতি নিয়ে স্পষ্ট বক্তব্য চান। তারা জানতে চান, বর্তমান অবস্থায় তারা নতুন বিনিয়োগে যাবেন কি না।
প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসিন বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমরা বলতে পারি না যে নতুন বিনিয়োগ বন্ধ রাখুন বা বিনিয়োগ করুন। এ অবস্থায় কোনও মন্তব্য করা কঠিন।"
তিনি বলেন, "এখন আমরা সার উৎপাদনে বেশি গ্যাস দেব, না-কি শিল্পে, তা আমাদের ভাবতে হবে। জ্বালানির ক্ষেত্রে আমরা অতিমাত্রায় গ্যাসের ওপর নির্ভরশীল। আমাদের খুব দ্রুত কয়লা উত্তোলনে যেতে হবে। পরিবেশ রক্ষায় উদ্বেগ বাড়লেও গত ৫ বছরে জ্বালানি হিসাবে আমাদের এখানে কয়লার ব্যবহার বেড়েছে।"
গ্যাস রপ্তানি সংক্রান্ত বিতর্ক নিয়ে সচিব বলেন, "পেট্রোবাংলা কখনও গ্যাস রপ্তানির কথা বলেনি। মজুদ সংক্রান্ত তথ্যের অপর্যাপ্ত বিশ্লেষণের কারণে এ বিতর্ক তৈরি হয়ে থাকতে পারে। এছাড়া কিছু মানুষের অতি উৎসাহী আচরণও এর জন্য দায়ী।"
গ্যাস আমদানি সংক্রান্ত ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, "আমাদের গ্যাস আমদানির একমাত্র ক্ষেত্র মিয়ানমার। এর বাইরে আমরা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারি।"
তিনি বলেন, "গৃহস্থালীর কাজে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে তার দামও পুর্ননির্ধারণ করা দরকার।"
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি আনিসুল হক বলেন, "বলা হচ্ছে ২০১১ সালের পর থেকে গ্যাস সরবরাহ কমে যাবে। এ অবস্থায় আমরা নতুন বিনিয়োগ করব কি না- তা আমাদের স্পষ্ট জানাতে হবে। সরকার যে জবাব দিচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই।"
তিনি বলেন, "আমরা শুনেছিলাম, বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। এখন শুনছি গ্যাস ফুরিয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ীরা কি করবেন? আমরা জানতে চাই গ্যাস আছে কি নেই। গ্যাস না থাকলে কি করব? রাজনৈতিক সঙ্কট আমাদের কষ্ট দেয়, স্তব্ধ বা বন্ধ করে দেয় না। কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের সঙ্কট আমাদের অচল করে দেয়।"
সেমিনারের মূল প্রবন্ধে পেট্রোবাংলার পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মোক্তাদীর আলী বলেন, "জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসক্ষেত্র থেকে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ নম্বর ব্লকে ৪৫৯ কিলোমিটার এলাকায় জরিপ চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ব্লকে দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। এটা দেশের জন্য সুখবর আনতে পারে। আগামী বছর ম্যাগনামা ও হাতিয়ায় ত্রিমাত্রিক জরিপের কাজ শুরু হবে। তাছাড়া ১৭ ও ১৮ নম্বর ব্লকে দ্রুত ত্রিমাত্রিক জরিপের কাজ শুরু করা হবে।"
তিনি বলেন, "দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ৭ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট। আর চাহিদা প্রতিদিন ২ হাজার ৪৬ মিলিয়ন ঘনফুট। উৎপাদন হচ্ছে ১ হাজার ৮৪০ মিলিয়ন ঘনফুট।
সেমিনারের আয়োজন সংস্থা সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, "আমাদের ৫০ বছর মেয়াদী জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে। রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।"
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/জিএনএ/১৭৪৯ ঘ.
bdnews24