ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রচারণার সুবিধার্থে সরকার অধ্যাদেশ জারি করে কিছুু ক্ষেত্রে জরুরি অবস্থা শিথিল করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
তিনি বলেছেন, ধাপে ধাপে জরুরি অবস্থা শিথিল করার অর্থ এই নয় সরকার আওয়ামী লীগ ও বিএনপির দাবির কারণে জরুরি অবস্থা প্রত্যাহার করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে সোমবার বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "ধাপে ধাপে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। জরুরি অবস্থা যেন ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা নির্বাচনের আগেই কিছু অধ্যাদেশ জারি করবো।"
প্রথম ধাপে সমাবেশ করার নিশ্চয়তা দেওয়ার পাশপাশি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার কথা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী জরুরি অবস্থা শিথিল করা হবে।"
প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় যে সিদ্ধান্ত এসেছে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানান ইফতেখার।
দেশে জরুরি অবস্থা শিথিল ও প্রত্যাহারের বিষয়ে সরকারের সঙ্গে প্রধান দুই দল বিএনপি-আওয়ামী লীগ প্রথম থেকেই দ্বিমত করে আসছে। এই দুই দল নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানালেও সরকার বলছে- জনগণের নিরাপত্তা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থা বজায় রাখা হবে।
কমলেশ শর্মার সঙ্গে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "১৮ ডিসেম্বরের জাতীয় নির্বচনে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে কমনওয়েলথ শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জিএনএ/১৪০৯ ঘ.
bdnews24