ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা রক্ষায় নদীর দু'তীরের সব ইজারা বাতিল এবং ভবিষ্যতেও নতুন করে ইজারা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রোরবার 'বুড়িগঙ্গা নদী বাঁচাও' শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান।
সভার আয়োজন করে বুড়িগঙ্গার নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ রক্ষায় গঠিত টাস্কফোর্স। মতবিনিয় সভার সুপারিশগুলোর ভিত্তিতে টাস্কফোর্স চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে ২৯ অক্টোবর সরকারের কাছে জমা দেবে।
সভায় টাস্কফোর্স চেয়ারম্যান ইনাম আহমদে চৌধুরী বলেন, "এর আগে তিনটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদন আমলে নিয়ে আমরা প্রতিবেদনের খসড়া তৈরি করেছি। বুড়িগঙ্গার নাব্যাতা বজায় রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে দখল প্রতিহত করাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। নদীর তীর উদ্ধার হলেও আবার হাতছাড়া হয়ে যায়। এজন্য নজরদারী প্রয়োজন।"
টাস্কফোর্সের খসড়া প্রতিবেদনে 'রিভার পুলিশ পেট্রোলিং' এর সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।
ইনাম আহমেদ চৌধুরী বলেন, "নদী তীর থেকে ইতোমধ্যে ২৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুধু বুড়িগঙ্গা নয়, রাজধানীর আশপাশের ছয়টি নদীকে রক্ষা করতে হবে। নির্বাচিত সরকার এলেও আমাদের এ উদ্যোগ যেন বহাল থাকে।"
টাস্কাফোর্স সদস্য হাশেম সূফী বলেন, "নদীর তীরে দেওয়া সব ইজারা বাতিল করতে হবে। ভবিষ্যতেও আর ইজারা না দেওয়ার সুপারিশ করছি। নদী রক্ষার জন্য কঠিন আইন হওয়া দরকার। বুড়িগঙ্গা বাঁচলে ঢাকা বাঁচবে- এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক টাকা ব্যয় হয়েছে। কিন্তু সততা, আন্তরিকতার অভাব ও দুর্নীতির কারণে এগুলো কাজে লাগেনি।"
টাস্কফোর্সের আরেক সদস্য প্রকৌশলী ইনামুল হক বলেন, "নদীর অবৈধ স্থাপনা উদ্ধার করতে সবচেয়ে বড় বাধা আইন। এমন একটি আইন প্রয়োজন যার মাধ্যমে টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়ন করা যাবে।"
আমরা ঢাকাবাসী সংগঠনের শুকুর সালেক বলেন, "বাবুপুরা থেকে আমিন বাজার পর্যন্ত বুড়িগঙ্গার শাখা নদী দখল হয়ে গেছে। ট্যানারির বর্জ্যে এসব শাখার নদীর পানি এতটাই দুষিত হয়ে পড়েছে যে মুরগী পড়লে মারা যায়। এর বিষক্রিয়া বাতাসে ছড়িয়ে পড়েছে। ঘরের টিনের চাল নষ্ট হয়ে যাচ্ছে।"
তিনি বলেন, "জনসাধারণের অংশগ্রহণের মধ্যেই সমাধান লুকিয়ে আছে। জনগণই নদীর বড় অংশের মালিক। এ নদী দখলে বাধা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। গত সরকারের আমলেও টাস্কফোর্স হয়েছে। কিন্তু সুপারিশ বাস্তবায়িত হয়নি।"
পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, "রাজধানীর সব বর্জ্য বুড়িগঙ্গায় পড়ছে। এ নদী বহু আগেই মরে গেছে। ১৫/২০ বছর পর এখানে থাকাই দুরুহ হয়ে পড়বে।"
বুড়িগঙ্গা রক্ষায় সরকারকে দিকনির্দেশনা দেয়ার জন্য চলতি বছরের জুন মাসে এ টাস্কফোর্স গঠন করা হয়। প্রথমে সাত সদস্যের টাস্কফোর্স গঠন করা হলেও পরে আরও ১১ জনকে নেওয়া হয়। চার মাসে টাস্কফোর্স নয়টি বৈঠক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জিএনএ/২২৫৪ ঘ.
bdnews24