ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে আসা ব্যক্তিদের ভিসাসংক্রান্ত জটিলতায় যাতে না পড়তে হয়- সে বিষয়টি দেখতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের ভিসা সঙ্কট নিরসনে শিগগিরই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বৈঠক করব। সঙ্কট নিরসনের যথাযথ উদ্যোগ নেওয়া হবে।"
ইসির সঙ্গে বৈঠকে নবম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী কয়েকটি সংস্থার প্রতিনিধিরা জানান, তাদের ভিসা পেতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, "স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর বিদেশি পর্যবেক্ষকদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না।"
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে বৈঠকে দুই নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই), ইউএসএইড ও আইআরআই'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের পর্যবেক্ষণ সংস্থার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধনের জন্য আবেদন পেতে রোববার পর্যন্ত ৩০১টি দেশি পর্যবেক্ষণ সংস্থা আবেদন করেছে। শিগগির নির্বাচন কমিশন এসব আবেদন যাচাই করে উপযুক্তদের নিবন্ধন দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/জিএনএ/২২১৩ ঘ.
bdnews24