২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা অপব্যাবহারের পরিণাম টের পেয়েছেন রাজনৈতিক নেতারা: আইজিপি

রাজনৈতিক নেতারা ক্ষমতা অপব্যবহারের পরিণাম টের পেয়েছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

বরিশাল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - রাজনৈতিক নেতারা ক্ষমতা অপব্যবহারের পরিণাম টের পেয়েছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি বলেন, "গত দুবছরে রাজনৈতিক নেতারা ক্ষমতার অপব্যবহারের পরিণাম টের পেয়েছেন। আগামীতে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহারের চিন্তা ভাবনা করবেন না বলে আশা করি। ফলে পুলিশ বিভাগ আরও স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে।" রোববার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় বর্ষপূর্তির উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেওয়ার পর বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আইজিপি এ কথা বলেন। জঙ্গি তৎপরতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এখন দেশে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা তেমন নেই বললেই চলে।" তবে জঙ্গি সংগঠনগুলোর বিক্ষিপ্ত কর্মকাণ্ড চলার বিষয়টি স্বীকার করে আইজিপি বলেন, "এটা করতে গিয়ে জঙ্গিরা পুলিশের হাতে আটক হচ্ছে।" পুলিশ অধ্যাদেশের বিষয়ে জানতে চাইলে আইজিপির এড়িয়ে যান। শোভাযাত্রায় অংশ নেওয়ার আগে আইজিপি এপিবিএন'র ব্যারাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), বরিশাল রেঞ্জ পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) কর্মকর্তাদের সভায় যোগ দেন। এপিবিএন এর কমান্ডিং কর্মকর্তা ডা. ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) খান সাঈদ হাসান, খুলনা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি আসাদুজ্জামান, বিএমপি'র কমিশনার এম আকবর আলী, খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হেলালুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৪৫২ ঘ.