ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদরদপ্তরে জাতিসংঘ ডেস্কে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ভুঁইয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দারফুরে জাতিসংঘের স্থায়ী পদে (পি- ৩) যোগ দিচ্ছেন। রোববার রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
মাহবুবুর রহমান মিশনটির সেক্টর সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে রোববার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অগ্রবর্তী দলের অংশ হয়ে ২০০৫ সালে আইভরি কোস্ট যান মাহবুবুর রহমান। সেখানে তিনি প্রশাসনসহ বিভিন্ন বিভাগে প্রধানের দায়িত্বপালন করেছেন।
মাহবুবুর রহমান এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), সিলেট মেট্রোপলিটন পুলিশে দায়িত্বপালন করেন।
এদিকে, বাংলাদেশ পুলিশ বাহিনীর ২৫ সদস্য দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে রোববার সকালে সুদানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/১৯৩৬ ঘ.
bdnews24