ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী চার নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে বিচারিক আদালত।
রোববার বিশেষ দায়রা আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন আদালত মুলতবি করেন। একইসঙ্গে মামলাটি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি ওই দিনই দাখিল করতেও আসামি পক্ষের আইনজীবীদের নির্দেশ দেন তিনি।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বিচার কাজ শুরু হলে হাসিনার পক্ষে তার আইনজীবীরা একটি আবেদনপত্র জমা দেন। এতে তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর এ মামলায় শেখ হাসিনাকে তিন মাসের জন্য জামিনের পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর বিচার কাজ স্থগিত করার আদেশ দেয় উচ্চ আদালত। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস এ সংক্রান্ত অনুলিপি আদালতে হাজির করতে পারেননি উল্লেখ করে তারা বলেন, অনুলিপি দাখিলের জন্য আদালত মুলতবি করা প্রয়োজন।
অন্যদিকে মামলার অন্য আসামি হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার আইনজীবীরা আদালতে দরখাস্ত দিয়ে বিষয়টি অবহিত করেন। তবে বিচারক এ সংক্রান্ত চিকিৎসক প্রতিবেদন আগামী চার নভেম্বর দাখিল করতে বলেন।
এদিন শেখ হাসিনার পক্ষে ব্যক্তিগত হাজিরা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করে। একই সঙ্গে হাসিনা ও সেলিমকে তিন মাসের জামিনও দেয়।
গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
পরে অবশ্য সাংবাদিকদের কাছে হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের কথা অস্বীকার করেন তিনি। বিচার চলাকালে আদালতে তিনি হাসিনাকে ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানান।
একই বছরের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
গত ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১৭১৯ঘ.
bdnews24