পটুয়াখালী, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৮ ঘন্টা ধরে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। অবিরাম বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জেলেরা মাছ ধরতে সাগরে যেতে পারছেনা উত্তাল ঢেউয়ের কারণে।
আবহাওয়া অফিস থেকে পর্যবেক্ষক মোঃ রাহাত হোসেন বলেন, ৩ নম্বর সতর্ক সঙ্কেতে ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। তিনি জানান, এখানে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পটুয়াখালী নৌবন্দরের কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ মিয়া জানান, শনিবার সকাল ১০টা থেকেই অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের নিচের সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে আবহাওয়া আরো খারাপ হলে ঢাকাগামী দোতলা লঞ্চগুলো চলাচলেও নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় আবহাওয়া অফিস।
এদিকে সাগর ক্রমেই উত্তাল হয়ে ওঠায় মাছ ধরতে যাচ্ছে না জেলেরা। মহীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাশ জানান, আবহাওয়ার কারণে মাছ ধরতে যেতে পারছেনা জেলেরা। তিনি জানান ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জেলেরা ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের জন্য সাগরে মাছ ধরেনি। কিন্তু ২৫ তারিখ থেকেও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ইলিশ শিকারে যেতে পারছেনা। তিনি জানান সাগরে ৮ থেকে ১০ দিন থাকার জন্য বাজার করেও ঘাটে বসে অলস দিন কাটাতে বাধ্য হচ্ছে ইলিশ মাছ ধরার জেলেরা।
কুয়াকাটা থেকে মোটেল ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি পর্যটকশুন্য হয়ে পড়েছে। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা বিরূপ আবহাওয়ার কারণে সমুদ্র সৈকত ত্যাগ করেছেন। ৩ থেকে ৪ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। ভাঙন-কবলিত কুয়াকাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পরেছে।
চরকাজল থেকে ব্যবসায়ী আহসান আজিম জানান, অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন না হলে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে চরকাজল লঞ্চঘাট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে আছে। যে কোন সময় এটি ভেঙে যেতে পারে বলে চরকাজলবাসী আতঙ্কিত।
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রবল জোয়ারের ফলে শহরের পুরান বাজার, চকবাজার, নবাবপাড়া, আদালতপাড়া, মুন্সেফপাড়া, জুবিলী স্কুল রোডসহ কিছু এলাকা তলিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৩০৩ঘ.
bdnews24