ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একশ বস্তা ইউরিয়া সারসহ শনিবার তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নাসিরনগর উপজেলার টিক্কাপুর এলাকায় স্থানীয় জনতা। পুলিশ বলছে ওই সার পাচার করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক মিয়া, নেপাল চন্দ্র দাস ও গোলাম কিবরিয়া।
আটক তিনজনের বরাত দিয়ে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্বাস উদ্দীন জানান, নেপাল ও কিবরিয়া নাসিরনগরের ভলাকুট গ্রামের সার ডিলার সোয়াব খান ও আইয়ুব খানের কাছ থেকে একশ বস্তা সার কিনে ফারুকের নৌকায় করে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি গ্রামে যাচ্ছিল। পথে টিক্কাপুর এলাকায় স্থানীয় লোকজন সারসহ নৌকাটি আটক করে পুলিশে সোপর্দ করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কান্তি দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটক তিনজনকে আসামি করে সার পাচারের অভিযোগে একটি মামলা হয়েছে। সার জব্দ করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১০ ঘ.
bdnews24