চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেলের আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বিশ্ববাজারে দরপতনের ফলে ভোজ্য তেল আমদানি কমে যাওয়ায় শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
দেশে ভোজ্যতেলের মজুদ এবং পাইকারী ও খুচরা বাজারের দাম সম্পর্কে জানতে উপদেষ্টা এ বৈঠক ডাকেন।
বৈঠকে আমদানিকারকরা জানান, আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আড়াই মাসে সারাদেশে তিন লাখ ২৫ হাজার টন ভোজ্য তেল সরবরাহ হয়েছে। বিশ্ববাজার থেকে কেনার পর দাম পড়ে যাওয়ায় এই পরিমাণ ভোজ্যতেলে আমদানিকারকদের লোকসান দিতে হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা।
এই লোকসানের কারণে ব্যবসায়ীরা চলতি অক্টোবর মাসে ভোজ্য তেল আমদানির কোনো উদ্যোগ নেননি বলে বৈঠকে জানানো হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান এস এ গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলম বলেন, "লোকসানের আশঙ্কায় এ মাসে কেউ ঋণপত্র খোলেননি। আগের ঋণ সমন্বয় করতে না পারায় ব্যাংকগুলোও সহযোগিতা করছে না; বরং জরিমানা গুণতে হচ্ছে। এ পরিস্থিতিতে আমরা বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
শাহাবুদ্দিন জানান, বর্তমানে সারাদেশে ১ লাখ ছয় হাজার টন ভোজ্য তেল মজুদ রয়েছে। এ দিয়ে সারাদেশের একমাসের চাহিদা মেটানো সম্ভব।
বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্ব বাজারে অব্যাহত দর পতনের মুখে দেশে ভোজ্য তেলের বাজার সঙ্কটে পড়বে কি না তা খতিয়ে দেখতেই আমদানিকারকদের সঙ্গে এ বৈঠক করা হলো।"
বিশ্ব বাজারে দাম দ্রুত কমে যাওয়ায় ভোজ্যতেল ব্যবসায়ীরা কিছুটা বিপাকে পড়েছেন মন্তব্য করে উপদেষ্টা বলেন, "পাইপ লাইন সিকিউরিটি নিশ্চিত করা নিয়ে এবং ব্যাংক লোনের বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে আলোচনা করা হবে।"
চট্টগ্রামের জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, মোস্তফা গ্র"পের নির্বাহী পরিচালক জহির উদ্দিন, টি কে গ্র"পের পরিচালক তারিক আহমেদ, ইলিয়াস ব্রাদার্সের প্রতিনিধি মেহরাজ আলী, এস আলম গ্র"পের প্রতিনিধি কামরুল ইসলাম চৌধুরী বৈঠকে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/এসকে/২২৫৬ঘ.
bdnews24