চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।
শনিবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে নবম শ্রেণীর ছাত্র আলী আব্বাসের (১৯) একটি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।
পটিয়া উপজেলার আশিয়া গ্রামের জুলেখা বেগম (৪০) ছেলের জন্য নিজের কিডনি দেন।
অস্ত্রোপচারের পর আব্বাসকে নেফরোলজি বিভাগের তত্ত্বাবধানে 'পোস্ট অপারেটিভ' ইউনিটে রাখা হয়েছে। মা ও ছেলে উভয়েই সুস্থ রয়েছেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম গোলাম কিবরিয়া।
একই বিশ্বদ্যিালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক এস এ খান, সহযোগী অধ্যাপক খুরশিদ আলম, আব্দুল হাই, চমেক হাসপাতালের ইউরোলজির অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও অধ্যাপক আব্দুস সালাম তাকে সহযোগিতা করেন।
ডা. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্ত্রোপচার সফল হয়েছে। মা ও ছেলেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সংজ্ঞা ফিরেছে, আব্বাসের প্রস্রাবও হয়েছে। আশা করি, দুইজনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।"
তিনি বলেন, দুটি চিকিৎসক দল দুই পর্যায়ে এ অস্ত্রোপচার সম্পন্ন করেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষ জনবল থাকার পরও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমরা এতদিন এ হাসপাতালে এ ধরনের জটিল অস্ত্রোপচার করতে পারিনি। আজকের সাফল্যের মধ্য দিয়ে চমেক হাসপাতাল উন্নত চিকিৎসার পথে আরও একধাপ এগিয়ে গেল।"
তিনি জানান, এই অস্ত্রোপচারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা কোনো টাকা নেননি। ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করেছেন আব্বাসের প্রতিবেশী অধ্যাপক মোজাফফর আহমেদসহ কয়েকজন।
ঢাকার কোনো বেসরকারি ক্লিনিকে এই অস্ত্রোপচার করলে ৬ থেকে ৭ লাখ টাকা লাগতো বলে চিকিৎসকরা জানান।
আলী আব্বাসের বাবা জেবল হোসেন একজন রিকশা চালক। স
bdnews24