২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শিক্ষকের মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসায় অবহেলার অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন শিক্ষকের মৃত্যুতে শনিবার বিক্ষুদ্ধ ছাত্র-জনতা স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার বাসা ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

গাইবান্ধা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন শিক্ষকের মৃত্যুতে শনিবার বিক্ষুদ্ধ ছাত্র-জনতা স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার বাসা ভাঙচুর করেছে। মৃত শিক্ষকের নাম জহুরুল ইসলাম (৪৫)। তিনি সুন্দরগঞ্জ আব্দুল মজিদ মণ্ডল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলা দহবন্দ ইউনিয়নের বালাপাড়া গ্রামে। শিক্ষকের মৃত্যুর জন্য তার চাচা আজাহার আলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তার অবহেলাকে (আরএমও) দায়ী করে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আজাহার আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ মণ্ডল ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেন জানান, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম সকাল ৮টায় স্কুলে পৌঁছানোমাত্র হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালে কোন ডাক্তার না থাকায় তাকে জরুরি বিভাগে রেখে তার সহকর্মী শিক্ষক ও ছাত্ররা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে খবর দেন। তার সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি দু'ঘন্টা পর হাসপাতালে আসেন। তখন তার অবস্থা ছিল সংকটাপন্ন। এ অবস্থায় ডা. শফিউল ইসলাম কোন চিকিৎসা না দিয়ে অসুস্থ্য শিক্ষক জহুরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রংপুরে নেওয়ার পথে তিনি পীরগাছার দেউতি বাজারে মারা যান। ওসি মোফাজ্জেল হোসেন জানান, শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই স্কুলসহ উপজেলা সদরের সব স্কুলের ছাত্র, শিক্ষক ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে হামলা চালায়। তারা স্বাস্থ্যকেন্দ্রের দরজা-জানালা ভাঙচুর করে। পরে তারা আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) বাসায় হামলা এবং আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া তারা আরএমও'র আত্মীয়ের মালিকানাধীন একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা আরএমও'র অপসারণের দাবিতে উপজেলার বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি জানান। আব্দুল মজিদ মণ্ডল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দহবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল সাংবাদিকদের বলেন, "আমি নিজে ওই আরএমওকে আসার জন্য একাধিকবার অনুরোধ করেছি। তিনি সময়মত হাসপাতালে আসেন নাই। যথাসময়ে চিকিৎসা না পেয়ে শিক্ষক জহুরুল ইসলাম মারা যান।" গাইবান্ধার সিভিল সার্জন ডা. সামছুল হক আরএমও'র অবহেলার অভিযোগ স্বীকার করে বলেন, "দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অচিরেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।" এ ব্যাপারে আরএমও শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪১ ঘ.