চট্ট্রগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, মহিলা উদ্যোক্তাদের বিশ্ববাজারে প্রবেশ করার সুযোগ করে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। মহিলা উদ্যোক্তারা এ সুযোগ নিয়ে ব্যবসায় তাদের দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন।
শনিবার নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহিলা চেম্বার অব কমার্স আয়োজিত 'দ্বিতীয় উইমেনস এসএমই এক্্রপো-২০০৮' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন, "মেধা, দক্ষতা ও পরিশ্রম থাকলে শুধু চট্টগ্রামে নয়, মহিলা উদ্যোক্তারা যেকোন জায়গা থেকেই কাজ শুরু করতে পারেন।"
আগামী দশ বছরে বিশ্ববাজারে উদ্যোগ ও উদ্ভাবন নিয়ে বাংলাদেশের মহিলা উদ্যোক্তারা নিজেদের অবস্থান তৈরি করে নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বড় ধরনের স্বপ্ন নিয়ে কাজ শুরুর আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, "প্রথম প্রথম সব কিছু একটু কঠিন মনে হলেও কাজ করতে করতে তা সহজ হয়ে যায়। তারপর সফলতা আসে।"
ব্যবসা বাণিজ্য এবং উন্নয়নের সুষম বন্টন নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এজন্য সরকার সব অঞ্চলের উন্নয়নেই কাজ করছে।
চট্টগ্রাম মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি মানোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম ড. ইয়ামিন আলী, দ্বিতীয় এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী।
বিকাল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানের পর উপদেষ্টা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
চট্টগ্রাম মহিলা চেম্বার অ্যান্ড কমার্স আয়োজিত এ মেলা এক মাসব্যাপী চলবে। মেলায় ৪ শ' ২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মেলা প্রাঙ্গন শনিবার পুরোপুরি প্রস্তুত না থাকায় অংশগ্রহণকারীরা তাদের সব পণ্য স্টলে তোলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এসকে/১৮৫৬ঘ.
bdnews24