২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ডাকাতের গুলিতে একজন নিহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় শুক্রবার রাতে ডাকাতের গুলিতে আকতারুজ্জামান (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

নোয়াখালী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় শুক্রবার রাতে ডাকাতের গুলিতে আকতারুজ্জামান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আকতারুজ্জামানের ছেলে কামাল হোসেন (২৯)। এছাড়া তাজুল ইসলাম, ফাতেমা বেগম, মমতাজ বেগম ও রুনা নামে আরও চারজন আহত হয়েছেন। তবে পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে মফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের মহিদখোলা গ্রামের মোল্লা বাড়িতে শুক্রবার গভীর রাতে একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির চারটি ঘর থেকে নগদ টাকা, সোনার অলংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের বাধা দিতে গেলে তারা গৃহকর্তা আকতারুজ্জামানকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপার লুৎফুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে দুই দুর্বৃত্ত রুপবান বেগম (৩০) নামে এক মহিলাকে কুপিয়ে আহত করেছে। তিনি গ্রামের শাজাহান পণ্ডিতের স্ত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুর্বৃত্তরা টাকা ও সোনার অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদের ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পাঠায়। এরা হলেন- হারুন মোল্লা (২৫) ও ট্যাপা (২৫)। এদের বাড়ি মাগুরা জেলার মিঠাপুকুর গ্রামে। এরা একটি চরমপন্থী দলের সদস্য বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল। শাজাহান পণ্ডিত জানান, শুক্রবার সন্ধ্যায় ধান কাটার জন্য তিনি ফরিদপুর থেকে হারুন ও ট্যাপাকে কামলা হিসেবে বাড়ি নিয়ে আসেন। তাদের রেখে তিনি স্থানীয় বাঁশকান্দি বাজারে গেলে তারা রুপবানকে কুপিয়ে আহত করে নগদ ৩১ হাজার টাকা, ছয় ভরি সোনার অলংকার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। ওসি জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.