মেহেরপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের একটি ফাঁকা মাট থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের গোপালপুর গ্রামের লোকমান আলী (৩৪) এবং মদনাডাঙ্গা গ্রামের হালিমা খাতুন (২৮)।
দুজনের লাশ ময়না তদন্তের পর শনিবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, নিহত লোকমান 'আদম' ব্যবসায়ী ছিলেন। শুক্রবার রাত ১২টার দিকে কজন বন্ধুসহ তিনি দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। 'আদম' ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
হত্যার পর দুর্বৃত্তরা লোকমানের কাছে থাকা নগদ দেড় লাখ টাকা, তার ব্যবহৃত মটর সাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চুল কাটার কাঁচি, দড়ি ও সিগারেটের প্যাকেট উদ্ধার করেছে।
মেহেরপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, তরুণীকে নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এমনও হতে পারে প্রতিপক্ষ ব্যক্তিদের হাতে লোকমান খুন হয়েছেন। খুনের প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একজন যৌনকর্মীকেও লোকমানের সঙ্গে খুন করে রেখে যায়।
ওসি মোর্শেদ জানান, এ ব্যাপারে লোকমানের স্ত্রী আলেয়া মেহেরপুর সদর থানায় মামলা করলেও সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করেনি। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও খুনিদের চিহ্নিত করতে সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24