ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার চার জন নিহত হয়েছে। খুলনার বটিয়াঘাটায় বিকেলে বাস খাদে পড়ে দু'জন নিহত ও ছয়জন আহত হয়েছে। বান্দরবান-কেরানীহাট সড়কে সন্ধ্যায় বাস দুর্ঘটনায় আহত হয়েছে ৪৫ যাত্রী।
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের দুটি দুর্ঘটনাই হয়েছে মাধবপুর উপজেলায়।
রিয়াজনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে নিহত হন তিন জন। নোয়াপাড়া এলাকায় ট্রাকের নিচে পড়ে মারা গেছেন আরেকজন।
মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, "ভোর ৪টার দিকে রিয়াজনগর এলাকায় ট্রাক ও ম্যাক্সিটির সংঘর্ষ হয়। এতে তিন জন নিহত ও পাঁচ জন আহত হন।"
নিহতরা হলেন- সদর উপজেলার পৈল গ্রামের জালাল মিয়া (৩২), মোতাব্বির (২৫) ও সাবাজপুর গ্রামের আবিদুর রহমান খান (২৫)।
আহত পাঁচ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন ইউনুস আলী (৩৫)। তিনি ছিলেন পুলিশের টহল কাজে নিয়োজিত একটি ম্যাক্সির চালক।
উপ পরিদর্শক মোফাজ্জল বলেন, "নোয়াপাড়ায় ভোর পৌনে ৪টার দিকে একটি ট্রাক ইউনুস আলীকে চাপা দেয়। সঙ্কটজনক অবস্থায় তাকে মাধবপুর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ইউনুস মারা গেছেন।"
দুটি ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, বটিয়াঘাটা উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শুক্রবার বিকেলে এক বাস দুর্ঘটনায় দু'জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার টিকারামপুর গ্রামের সুভাষ সরকারের ছেলে সুকান্ত সরকার (৩৫) এবং কালীগঞ্জ উপজেলার চাম্পাপুল গ্রামের ছোট খোকনের মেয়ে রেহানা খাতুন (১০)।
আহত হাবিবুর রহমান (৪৮), জীবনানন্দ হর (৪৫), অমর সরকার (৫৩), আকরাম আলী (৩৮), মতিউর রহমান (৪০) ও শাহীন শেখকে (২৮) স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক হাবিবুল্লাহ জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস খুলনার সোনাডাঙ্গা যাচ্ছিল। পথে বটিয়াঘাটা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু'জন নিহত হয়।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান-কেরানীহাট সড়কে রেইছা এলাকায় সন্ধ্যায় একটি বরযাত্রীবাহী বাস খাদে পড়ে ৪৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক উইলিয়াম লুসাই সাংবাদিকদের জানান, সদর হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় শামিম, শহীদুল, এমরান ও জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক মহসিন জানান, বান্দরবান শহরের হলিডে ইন হোটেলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে চট্টগ্রামে ফেরার পথে বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
পরে দমকল বাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
মহসিন আরও জানান, বাসের যাত্রীরা চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা। তারা বান্দরবানে টি অ্যান্ডটি কর্মচারি বাবুল মিঞার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৫ ঘ.
bdnews24