ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলেছেন আইনজীবী নাসরিন আক্তার তুলির হত্যাকারী আল আমিন ওরফে আমিন। শাহবাগ থানার পুলিশ শুক্রবার এই তথ্য জানায়।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় তরুণ আইনজীবী নাসরিন আক্তার তুলিকে হত্যা করে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে আমিন। পরে সেই ছিন্ন মাথা হাতে নিয়ে রাস্তায় ছোটাছুটি করে আমিন।
তুলির ভাই সালাউদ্দিন পাপ্পু হত্যাকাণ্ডের ঘটনায় আল আমিন ও তার পরিবারের ৫ জনকে আসামি করে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অন্য আসামিরা হলেন- আমিনের বাবা আব্দুল মতিন, মা রোকেয়া বেগম, স্ত্রী ইয়াসমিন, দুই বোন মুন্নী ও ফাতেমা।
শাহবাগ থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, থানায় আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সে অসংলগ্ন কথাবার্তা বলেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রিমান্ডের আবেদন জানাতে তাকে আদালতে পাঠানো হতে পারে।
তিনি জানান, আমিনের চিকিৎসা শেষে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমিনের মা রোকেয়া বেগম পুলিশ হেফাজতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিবারের অন্যান্য সদস্যরা বৃহস্পতিবার থেকে পলাতক রয়েছেন।
তুলির লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার ভাই পাপ্পু লাশ গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কোট্টাপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তুলিকে দাফন করা হয়েছে।
উপ-পরিদর্শক ফারুক জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, সেগুনবাগিচার ২৬/এ/২ নম্বর বাড়িতে সাবলেট থাকার সময় ঘাতক আমিন তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এতে রাজি না হওয়ায় সে তার বোনকে প্রায়ই উত্ত্যক্ত করত। তার বোন এর প্রতিবাদ করতেন। এ কারণে তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যায় আমিনের বাবা, মা, স্ত্রী ও দুই বোন সহযোগিতা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২২৩৫ ঘ.
bdnews24