ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে লঘুচাপের প্রভাবে শুক্রবার সারাদেশেই আকাশ ছিল মেঘলা; সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হয়েছে। এর মধ্যে কমতে শুরু করেছে তাপমাত্রা।
লঘুচাপের কারণে কক্সবাজার, মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহওয়া অধিদপ্তর। বঙ্গেপাসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহওয়া অধিদপ্তর বলছে, অন্তত আরও দু'দিন মেঘাচ্ছন্ন আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে আরও খানিকটা।
আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টা নাগাদ লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এর প্রভাবে শুক্রবার দিনের তাপামাত্রা কিছুটা কমেছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপামাত্রা ছিল ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি চলতে থাকলে তাপমাত্রা আরও কমবে বলে আব্দুল মান্নান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২১৩৬ ঘ.
bdnews24