২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান সেক্টর কমান্ডার্স ফোরামের

আগামী সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

চাঁপাইনবাবগঞ্জ, আক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বলেন, "এই মূহূর্তে বাংলাদেশের জনগণের উচিৎ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো। আগামী নির্বাচন আমাদের জন্য অগ্নি পরীক্ষা।" শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীরা আগামী নির্বাচনে অংশ নিলেও তারা যেন একটিও ভোট না পায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান একে খন্দকার। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তিনি সকল যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি জানান। এ কাজে জাতিসংঘকে যুক্ত করার পরামর্শও দেন তিনি। ফোরাম নেতা সাবেক সেনা প্রধান হারুনুর রশিদ বলেন, "দুর্ভাগ্যজনক হল ৩৭ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। এরা আমাদের স্বাধীনতা, জাতীয় সংগীত ও পতাকা এখনও মানে না। মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করছে, হত্যা করছে, কিন্তু কোনো প্রতিকার নেই।" চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোহা. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবু ওসমান চৌধূরী, অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আলম, পুলিশের অবসরপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকউল্লাহ এবং সাংবাদিক হারুন হাবিব। ফোরাম নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। যুদ্ধাপরাধীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার আহবান জানান তারা। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা সুস্পষ্টভাবে রাখার এবং মনোনয়ন না দেওয়ারও দাবি জানান ফোরাম নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.