ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশে একটি স্থিতিশীল, স্থায়ী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
শুক্রবার জাতিসংঘের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি বলেন, "আমরা বহু প্রতিবন্ধকতা উতরে গেছি। বর্তমানে একটি বিশাল পরিবর্তনের দোরগোড়ায় রয়েছি। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করা যায়, এ নির্বাচনের মধ্য দিয়েই একটি স্থিতিশীল, স'ায়ী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।"
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বাংলাদেশ সফরের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, "শিগগিরই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে এসে তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশীদের সাফল্যের ব্যাপারে তার আনন্দের কথা জানাবেন।"
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "জাতি হিসেবে আমাদের স্বপ্ন বাস্তবায়নের ব্যাপারে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তার প্রতি জাতিসংঘের সমর্থন থাকবে।"
তিনি আরো বলেন, "শান্তিরক্ষা ও শান্তিস্থাপনের লক্ষ্যে আমাদের সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা বিশ্বের অশান্ত অঞ্চলগুলোতে কাজ করে যাচ্ছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্যদূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্রঋণসহ বেশ কিছু ইস্যুতে বাংলাদেশ নেতৃত্বের ভূমিকায় রয়েছে।"
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পড়ে শোনান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন।
বান কি মুনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, 'ইতোমধ্যে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে অর্ধেক সময় পার করেছি। একুশ শতকের মধ্যে আমরা একটি সুন্দর পৃথিবী তৈরি করতে চাই। জলবায়ু পরিবর্তন, রোগ ও মারণাস্ত্রের বিস্তার এবং সন্ত্রাসবাদ সবকিছুই আন্তঃদেশীয় ব্যাপার। তাই বিশ্বের সার্বজনীন ভালর সুবিধা নিতে হলে বিশ্ববাসীকে ভাল রক্ষা করতে হবে।'
কয়েক সপ্তাহের মধ্যেই জাতিসংঘ মহাসচিব আসছেন বলে জানান রেনেটা লক ডেসালিয়েন।
অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশ করেন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরে। বিভিন্ন দেশের কুটনৈতিকেরা এ সময় উপস্থিত ছিলেন।
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সকোতে ৫০টি দেশ জাতিসংঘ সনদ স্বাক্ষর করে। এর পর চীন, রাশিয়া, ফ্রান্সসহ বিশ্বের অন্যান্য দেশ ওই সনদকে সমর্থন জানালে ওইবছর ২৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতিসংঘ। ১৯৪৮ সাল থেকে এদিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হচ্ছে। বিশ্বের ১৯২টি দেশ জাতিসংঘের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এমএইচবি/১৮৩০ ঘ.
bdnews24