চাঁদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনা চ্যানেলে নাব্যতা সংকটের কারণে বৃহস্পতিবার থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
চাঁদপুরের হরিণা ফেরি ঘাটে কর্তব্যরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জহির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুর ও শরীয়তপুরের মধ্যে নৌ চলাচল স্বাভাবিক রাখার জন্য মেঘনা চ্যানেলে দ্রুত ড্রেজিং করার প্রয়োজন। এ বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, একাধিকবার চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। নিরুপায় হয়েই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।
জহির উদ্দিন আহমেদ জানান, ড্রেজিং করা না হলে ফেরি সার্ভিস চালু করা সম্ভব হবে না। বিশেষ করে চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের আলুরবাজার এলাকায় নদী খনন জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান।
চাঁদপুরের হরিনাঘাট থেকে শরীয়তপুরের আলুরবাজার ঘাট পর্যন্ত মেঘনা চ্যানেলে কয়েকটি ডুবোচর জেগে উঠেছে। এসব ডুবোচরে ফেরি আটকা পড়ে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
ভর বর্ষায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচলে তেমন সমস্যা না হলেও বর্ষার শেষদিকে এসে জোয়ার-ভাটার উপর নির্ভর করে মাত্র দুইটি ফেরি চলাচল করতো। ফেরি দুটি হল- ফেরি ঢাকা ও ফেরি কুমিল্লা। বর্তমানে এ ফেরি দুটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪৯ ঘ.
bdnews24