হবিগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার চার জন নিহত হয়েছে।
দুটি দুর্ঘটনাই হয়েছে মাধবপুর উপজেলায়।
পুলিশ জানায়, রিয়াজনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে নিহত হয় তিন জন। নোয়াপাড়া এলাকায় ট্রাকের নিচে পড়ে মারা যায় অপর জন।
মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, "রিয়াজনগর এলাকায় ভোর ৪টার দিকে একটি ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে তিনি জন নিহত ও পাঁচ জন আহত হন।"
নিহতরা হলেন- সদর উপজেলার পৈল গ্রামের জালাল মিয়া (৩২), মোতাব্বির (২৫) ও সাবাজপুর গ্রামের আবিদুর রহমান খান (২৫)।
তারা আখাউড়ার খড়মপুর মাজার জিয়ারত করে ম্যাক্সিতে চড়ে ঘরে ফিরছিলেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। আহত বাকি অপর পাঁচ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন ইউনুস আলী (৩৫)। তিনি পুলিশের টহল কাজে নিয়োজিত একটি ম্যাক্সির চালক।
পুলিশ কর্মকর্তা মোফাজ্জল বলেন, "নোয়াপাড়ায় ভোর পৌনে ৪টার দিকে একটি ট্রাক ইউনুস আলীকে চাপা দেয়। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে মাধবপুর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
দুটি ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24