২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ শহরে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে সোহেল প্রধান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ শহরে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে সোহেল প্রধান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এবং নারী ও শিশু নির্যাতন বিশেষ আদালতের বিচারক রোকেয়া বেগম এ রায় দেন। দণ্ডিত সোহেল প্রধান ঝিনাইদহ সদর উপজেলার কোলা ভাটপাড়া গ্রামের কালু প্রধানে ছেলে। বর্তমানে তিনি পলাতক। ২০ হাজার টাকা যৌতুকের জন্য ২০০৫ সালের ২১ জুন রাতে ঝিনাইদহ শহরের বাসায় স্ত্রী বছিরন নেছাকে শ্বাস রোধ করে হত্যা করেন সোহেল। বছিরনের বাবার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহালবাড়ি গ্রামে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ওই ঘটনায় বছিরনের বড় বোন আলেয়া খাতুন ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আবু তালিব। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.