২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ছিন্ন মাথাসহ একজন গ্রেপ্তার

প্রকাশ্যে এক নারীর ছিন্ন মস্তক নিয়ে 'উল্লাস' করার সময় হত্যাকারী সন্দেহে বৃহস্পতিবার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 06:01 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশ্যে এক নারীর ছিন্ন মস্তক নিয়ে 'উল্লাস' করার সময় হত্যাকারী সন্দেহে বৃহস্পতিবার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত নারী রাজধানীর ক্যাপিটাল ল কলেজের ছাত্রী নাসরিন আক্তার তুলি (২২)। আটককৃত ব্যক্তির নাম হল আমিন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেগুনবাগিচার ২৬ নং বাড়ির তিনতলা ভাড়া নিয়ে আমিনের মা রোকেয়া তিন কক্ষের এ বাড়ির একটি কক্ষ ও ডাইনিং স্পেস সাবলেট দেন । গত ২ মাস ধরে এখানে সাবলেট থাকছেন তুলি।" পুলিশ জানায়, আমিন ২/৩ দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। বৃহস্পতিবার সকাল আটটার দিকে সে বাড়িতে এসে বটি হাতে নিয়ে স্ত্রীকে খুঁজছিল। এসময় তুলি তার কক্ষে বসে ভাত খাচ্ছিল। স্ত্রীকে না পেয়ে আমিন একপর্যায়ে তুলির গলায় কোপ দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এসময় রোকেয়া ছেলেকে আটকাতে গেলে তার হাতেও কোপ লাগে। তুলির মাথা হাতে নিয়ে নীচে নেমে আমিন 'বউকে মেরেছি, বউকে মেরেছি' বলে চিৎকার করতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পুলিশ আরো জানায়, আমিন বিদেশে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল। বছরখানেক আগে দেশে ফিরে সে একটি পানের দোকান দিলেও গত ২/৩ মাস ধরে তা বন্ধ রয়েছে। আর তার মা খাবার রান্না করে বিভিন্ন অফিসে সরবরাহ করেন। ওসি রেজাউল ইসলাম আরো বলেন, "আমিন মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত না করা পর্যন্ত কিছু বলা যাবে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/১১৫২ ঘ.