ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নভেম্বরের প্রথম দিকেই দল পাঠানো শুরু করবে যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র এবার ১২০ জন পর্যবেক্ষক পাঠাবে। নভেম্বরের প্রথম থেকে তারা বাংলাদেশে আসতে শুরু করবে।
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, "পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে জরুরি অবস্থা কোনো প্রভাব ফেলবে না। তবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র।"
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, ইফতেখার আহমদ চৌধুরী জানান, নির্বাচনের বাধাগুলো সর্বতোভাবে পেরোনোর চেষ্টা করছে সরকার।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জরুরি অবস্থা যতটুকু শিথিল করা দরকার ততটুকু করা হবে- প্রধান উপদেষ্টার এ বক্তব্যের পুনরুল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা সুন্দরভাবে নির্বাচনের দিকে এগুচ্ছি। কয়েকদিনের ভেতরেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন দুদেশের সম্পর্ক উষ্ণ থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এসএনডি/এসকে/১৮০৫ঘ.
bdnews24