ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব ফয়জুর রাজ্জাককে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম বুধবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, " রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ও দু'জন সদস্যকে নিয়োগ দেওয়া সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন। সদস্যরা হলেন সাবেক সচিব হেদায়েতুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।"
এ সংক্রান্ত ফাইল বুধবারই স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সচিব।
চলতি বছরের ১৩ মে রাষ্ট্রপতি স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ ২০০৮ জারি করেন। এ অধ্যাদেশের আওতায় স্থানীয় সরকার কমিশন গঠন করা হলো।
অধ্যাদেশ অনুযায়ী কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ।
বর্তমান তত্ত্ববধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো গতিশীল,দায়বদ্ধ ও শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতে সাবেক সচিব ও বর্তমান খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এ এম এম শওকত আলীর নেতৃত্বে গঠন করা হয় একটি কমিটি।
স্থানীয় সরকার কমিশন গঠন করার সুপারিশ করে গত বছরের নভেম্বরে এ কমিটি অধ্যাদেশের খসড়াসহ বিস্তারিত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। এরপর উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটি অনুমোদন করে।
অধ্যাদেশটির বিধান অনুযায়ী চলতি বছরের জুন মাসে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।
কমিশনের প্রধান কাজ হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী এবং প্রশাসনিকভাবে দক্ষ, গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সুপারিশ করা।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণ করে সরকারের কাছে সুপারিশ করবে কমিশন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুতর আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করারও এখতিয়ার রয়েছে কমিশনের।
বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ট্যাক্স, ফি, রেইট, টোল ইত্যাদি নির্ধারণ ও পুননির্ধারণ করার জন্য সুপারিশ করার ক্ষমতা থাকবে কমিশনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/এসকে/১৭৪৯ঘ.
bdnews24