২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

দেশে নতুন আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চলতি বর্ষ থেকেই রংপুর বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। নভেম্বর মাসে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে জানুয়ারিতে ক্লাস শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

রংপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চলতি বর্ষ থেকেই রংপুর বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। নভেম্বর মাসে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে জানুয়ারিতে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রাথমিকভাবে জেলা শহরের শিক্ষক প্রশিক্ষণ কলেজে চলবে। অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেই বরাদ্দকৃত এলাকায় চলে যাবে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রংপুর কারমাইকেল কলেজের ৭৫ একর জমি আগেই হুকুম দখল করা হয়। সকাল ১১টায় শিক্ষক প্রশিক্ষণ কলেজেই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমানও উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। হোসেন জিল্লুর রহমান বলেন, "মরা কার্তিক মাসে রংপুরকে যে মঙ্গাপীড়িত এলাকা বলা হতো। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার আলো এসব ম্লান করে দেবে। এর মধ্য দিয়ে রংপুরসহ গোটা উত্তরাঞ্চল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন মহিমায়।" তিনি বলেন, "চলতি বছরের ফেব্র"য়ারি মাসে রংপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে রংপুরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সাত মাসের মধ্যে তা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এখন রংপুর বিশ্ববিদ্যালয়কে আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।" উপাচার্য লুৎফর রহমান বলেন, "রংপুরের মানুষ সব সময় বঞ্চনার শিকার হয়ে আসছিল। আজ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে নব দিগন্তের সূচনা হলো।" বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার জন্য আমরা রোডম্যাপ তৈরি করেছি। আপাতত ছয়টি বিভাগ খোলা হবে। এগুলো হলো- বাংলা, ইংরেজি, ব্যবসায় প্রশাসন (বিবিএ), কম্পিউটার বিজ্ঞান, গণিত ও অর্থনীতি।" অনুষ্ঠানে উপাচার্য নভেম্বর মাসে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া এবং আগামী বছরের জানুয়ারি মাসে ক্লাস শুরুর ঘোষণা দেন। তিনি জানান, আপাতত শিক্ষক প্রশিক্ষণ কলেজে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে কার্যক্রম চলবে । অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে সব কার্যক্রম মূল ক্যাম্পাসে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাজাহান পাটওয়ারী জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য নেওয়া কারমাইকেল কলেজের ৭৫ একর জায়গার ওপর নান্দনিক স্থাপত্যে অবকাঠামো নির্মাণ কাজ অচিরেই শুরু হচ্ছে। তিনি বলেন, "১০০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ে দুটি একাডেমিক ভবন, ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, শিক্ষকদের আবাস, দুটি ছাত্র ও একটি ছাত্রী হলসহ নানা স্থাপনা নির্মাণ করা হবে।" রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ড. রেজাউল হক, রংপুরের জেলা প্রশাসক আব্দুল আহাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হোসেন জিল্লুর শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে স্থাপিত শ্রেণিকক্ষ ও উপাচার্য কার্যালয় ঘুরে দেখেন। এদিকে রংপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু উপলক্ষে সকালে শহরে শোভাযাত্রা বের হয়। রংপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত ১৫ জুন 'রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০০৮' অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৭ ঘ.