ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণের বৈধতা নিয়ে রিটের পূর্ণাঙ্গ শুনানি হাইকোর্টে বুধবার অনুষ্ঠিত হবে।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ মঙ্গলবার সীমানা পুনঃনির্ধারণের গেজেট স্থগিতের আদেশ খারিজের আবেদনের শুনানির সময় মূল রিটের শুনানির এই দিন ধার্য করেন।
হাইকোর্টের আদেশ খারিজের আবেদনের ওপর নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম বলেন, জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণের গেজেটের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় নির্বাচন কমিশন সংসদীয় আসনের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারছে না। তাই হাইকোর্টের আদেশ খারিজ করা প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচনের অন্তত ৪২ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ আছে ৬ নভেম্বর পর্যন্ত। হাইকোর্টের ওই আদেশ বহাল থাকা পর্যন্ত ভোটার তালিকা চূড়ান্ত করা যাবে না। তফসিলও ঘোষণা করা যাবে না।
মাহমুদুল ইসলাম বলেন, সংবিধানের ১২৫ অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ নিয়ে কোনো আদেশ আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। তাছাড়া সংবিধানের ১০২ (৪) অনুচ্ছেদ অনুযায়ী জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে রুল ও স্থগিতাদেশ দেওয়ার আগে অ্যাটর্নি জেনারেল অফিসকে শুনে তা দিতে হবে। সংবিধানের এই বিধান দুুটি অনুযায়ী এ রিটে রুলই জারি হওয়া উচিত ছিল না, স্থগিতাদেশ তো নয়ই।
আদালত এ সময় আবদুল মান্নান, এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমানের করা তিনটি রিটের একসঙ্গে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
পরে নির্বাচন কমিশনের আইনজীবী ড. শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমানা পুনঃনির্ধারণের গেজেট স্থগিতের হাইকোর্টের আদেশ বাতিলের আবেদনের ওপর আমরা শুনানি করেছি। আদালত বলেছে, মূল রিটের শুনানি হওয়া শ্রেয়। মূল রিটের শুনানি গ্রহণ করে আদালত বিষয়টি সুরাহা করবে।
রিটকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশ বাতিলের নির্বাচন কমিশনের আবেদনের শুনানির এখন আর দরকার নেই। মূল রিটের শুনানি হবে। আদালত বিষয়টি ফয়সালা করবেন।
সীমানা পুনঃনির্ধারণ গেজেটের কার্যকারিতা স্থগিতের আদেশ খারিজের জন্য নির্বাচন কমিশন গত ১২ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে আবেদন করে।
একই দিন ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির জন্য বিচারপতি মীর হাসমত আলীর নেতৃত্বের বর্তমান বেঞ্চে রিটকারী পক্ষ আবেদন জানিয়েছিল।
এ অবস্থায় গত ১৪ অক্টোবর আবেদনটি হাইকোর্টের বর্তমান বেঞ্চে শুনানির জন্য ফেরত নিয়ে আসে নির্বাচন কমিশন।
১৯ অক্টোবর আবেদনটি আবার হাইকোর্টের একই বেঞ্চে দায়ের করে নির্বাচন কমিশন।
গত ৬ আগস্ট সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা- ২ নবাবগঞ্জ আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান রিটটি দায়ের করেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণের গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা প্রাথমিকভাবে পুনঃনির্ধারণ করে। এরপর গত ১০ জুলাই তিনশ'টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯৩৯ঘ.
bdnews24