২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি প্যান বসাতে ১২২ জন শ্রমিক!

খুলনা টেলিযোগাযোগ অঞ্চলের বাথরুমে একটি প্যান বসাতে ১২২ জন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল! দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কাজের জন্য ১২২ জন শ্রমিকের মজুরি বাবদ অর্থ তুলেছেন। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক হানিফ ইকবাল জানান, খুলনা টেলিযোগাযোগ অঞ্চলে বিভিন্ন কাজ ও ব্যয়ের ক্ষেত্রে এরকম আরো বেশ কিছু দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা টেলিযোগাযোগ অঞ্চলের বাথরুমে একটি প্যান বসাতে ১২২ জন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল! দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কাজের জন্য ১২২ জন শ্রমিকের মজুরি বাবদ অর্থ তুলেছেন। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক হানিফ ইকবাল জানান, খুলনা টেলিযোগাযোগ অঞ্চলে বিভিন্ন কাজ ও ব্যয়ের ক্ষেত্রে এরকম আরো বেশ কিছু দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিশন। তিনি জানান, দুর্নীতি বিরোধী অভিযানের সময় কমিশনের দায়ের করা ১০০ দুর্নীতি মামলায় ১১৬ জন দণ্ডপ্রাপ্ত আসামির তালিকা গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটিতে (এনসিসি) পাঠানো হয়েছে। এছাড়া পাঁচটি মামলার আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। এনসিসি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্তদের নামের তালিকা চেয়ে গত সপ্তাহে কমিশনকে চিঠি দেয়। এরপর কমিশন রোববার ১১৬ জনের তালিকা এনসিসিতে পাঠায়। এর মধ্যে অনেকেই একাধিক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি। হানিফ ইকবাল বলেন, খুলনা টেলিযোগাযোগ অঞ্চলে সিডিউলের মাধ্যমে দেখানো কাজে ব্যাপক দুর্নীতির খোঁজ পেয়েছে কমিশনের তদন্ত দল। তদন্তে দেখা গেছে, ছোট ছোট কাজের জন্য মোটা টাকা বরাদ্দ করা হলেও কাজ তেমন কিছু হয়নি। টেলিকম বিভাগ খালিশপুরে কয়েকটি সিডিউলের মাধ্যমে এক্সচেঞ্জের সেফটি ট্যাংক পরিষ্কার, আগাছা পরিষ্কার ও বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য ১০০ জন শ্রমিকের মজুরি উত্তোলন করা হলেও কোনও কাজ হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২১০১ ঘ.