ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী ক্যামেলিয়া পারভীনকে সোমবার দুপুরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত পৌণে ১২ টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
ক্যামেলিয়া কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের স্ত্রী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
শেষ শ্রদ্ধা জানাতে সোমবার সকালে চারুকলা ইনস্টিটিউটে আনা হয় ক্যামেলিয়ার মরদেহ। ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে টানানো সারি সারি ছবির মাঝে রাখা ছিল তার কফিন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানান, শিল্পী, সহপাঠী, বন্ধু ও চারুকলার শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টার দিকে ক্যামেলিয়া পারভীনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর নামাজে জানাযা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/জিএনএ/১৯৩৯ ঘ.
bdnews24