কিশোরগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ সদর উপজেলার পাঠানকান্দি এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সোমবার দুপুরে জেলা প্রশাসকের গাড়ি চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহতের নাম ইয়াছিন (৮)। সে পাঠানকান্দি আদর্শপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী ছাত্র ছিল।
শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে জেলা প্রশাসক এএসএম মাহবুবুল আলম, তার দেহরক্ষী আব্দুর রাজ্জাক ও গাড়ি চালক বাবুল মিয়া আহত হন।
এর মধ্যে গুরুতর আহত বাবুল মিয়াকে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক তপন চন্দ্র বণিক জানান, দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক পাকুন্দিয়া উপজেলায় একটি সরকারি অনুষ্ঠান শেষে জিপ গাড়িতে (কিশোরগঞ্জ ঘ-১১-০০১২) করে কিশোরগঞ্জ ফিরছিলেন। গাড়িটি পাঠানকান্দি পৌঁছার পর স্কুলছাত্র ইয়াসিন গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। গাড়িটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি জানান, শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি ঘটনাস্থল থেকে প্রায় একশ' গজ দূরে রাস্তার পাশের খাদ পড়ে যায়।
এতে জেলা প্রশাসক মাথায় ও ঘাড়ে আঘাত পেয়েছেন। গাড়ি চালকের মাথা ফেটে গেছে। দেহরক্ষীও আহত হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক দাবি করেন, শিশুটির দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৬ ঘ.
bdnews24