২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি আসছে: খোকা

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি শিগগিরই করা হবে বলে জানিয়েছেন সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি শিগগিরই করা হবে বলে জানিয়েছেন সাদেক হোসেন খোকা। মহানগর বিএনপির গত কমিটির সভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র খোকা সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। তিনি বলেন, "ঢাকা মহানগরীর নতুন কমিটি দরকার। চেয়ারপারসন (খালেদা জিয়া) দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করে শিগগিরই নতুন কমিটি করবেন। কারণ তিনি অনুধাবন করছেন, কমিটি না থাকায় রাজধানীতে বিএনপির মতো বৃহৎ সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে গেছে।" খালেদা জিয়ার কারাবন্দি থাকা অবস্থায় চলতি বছরের জুন মাসে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মহানগর কমিটি ভেঙে দেন। ওই কমিটির সভাপতি ছিলেন সাদেক হোসেন খোকা ও সাধারণ সম্পাদক ছিলেন আব্দুস সালাম। খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর কয়েকদিন আগে তার সঙ্গে দেখা করেন মেয়র খোকা। এর পরপরই ঢাকা মহানগরীর নতুন কমিটির বিষয়টি জানালেন তিনি। বিএনপির সহসভাপতি আফসার উদ্দিন সিদ্দিকীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভা মেয়র খোকা বলেন, "দেশে আজ গণতন্ত্র নেই। অস্বাভাবিক একটি সরকার কাজ করছে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকায় জনগণের নানা সমস্যা আজ বিকট আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণে নির্বাচনের কোনও বিকল্প নেই।" গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে নিজেদের মধ্যকার অনাস্থা ও অবিশ্বাসের সংস্কৃতি দূরে ঠেলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দলীয় প্রধান খালেদা জিয়ার প্রশস্তি করে সাদেক হোসেন বলেন, "খালেদা জিয়াই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। কিন্তু নির্বাচন না হওয়ায় এখন সেই ব্যবস্থা নেই। তাই রাজনৈতিক দলগুলোর কাছে আজ বড় চ্যালেঞ্জ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। তা করতে না পারলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।" আফসার সিদ্দিকীর স্ত্রী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি এমএ মালেক, সাংবাদিক আমিনুল ইসলাম কাগজী, আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের মুস্তাফিজুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৫১৬ ঘ.