২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সংলাপ ২৩ অক্টোবরের মধ্যে: হোসেন জিল্লুর

আগামী বৃহস্পতিবারের (২৩ অক্টোবর) মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আরেক দফা সংলাপে বসবে সরকার। এতে নির্বাচন এবং রাজনৈতিক গুণগত উত্তরণের বিষয়ে আলোচনা হবে। উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বৃহস্পতিবারের (২৩ অক্টোবর) মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আরেক দফা সংলাপে বসবে সরকার। এতে নির্বাচন এবং রাজনৈতিক গুণগত উত্তরণের বিষয়ে আলোচনা হবে। উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার একথা জানিয়েছেন। সচিবালয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টার বৈঠকের পর হোসেন জিল্লুর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক গুণগত উত্তরণের বিষয়ে আলোচনা করতে ২৩ অক্টোবরের মধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আমরা বসতে চাচ্ছি।" বৈঠকে উপস্থিত অপর উপদেষ্টারা হলেন- এএফ হাসান আরিফ, গোলাম কাদের, আনোয়ারুল ইকবাল। বিভিন্ন বিষয়ে মতৈক্য না হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে পুনরায় সংলাপের কথা গত শনিবার জানান উপদেষ্টা হোসেন জিল্লুর। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপ গত ২২ মে শুরু হয়। এর আগে চলতি বছরের শুরুতে সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। সর্বশেষ গত মঙ্গলবার বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসে সরকার। নিবন্ধনের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে অভিন্দন জানান হোসেন জিল্লুর। তিনি বলেন, "দলগুলো নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের পথে আরও একটি ধাপ অতিক্রম করায় আমরা আনন্দিত। একটি ধাপ অতিক্রমের পর অন্য একটি ধাপ শুরু করছি আমরা।" উপদেষ্টা বলেন, "আমাদের কাজ আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এবং জনআকাক্সক্ষা পূরণ করা। এজন্য আমাদের আলোচনা অব্যাহত থাকবে। নির্বাচন পর্যন্ত এ আলোচনা চলবে।" আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে তিনি জানান। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়েছে। ইসি জানিয়েছে, নভেম্বরের শুরুতেই এর তফসিল ঘোষণা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৬০০ ঘ.