২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধিত প্রথম দল এলডিপি

রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দল হিসেবে নিবন্ধন পেয়েছে অলি আহমেদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সংসদ নির্বাচনে দলটির প্রতীক হবে ছাতা। (আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 06:22 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দল হিসেবে নিবন্ধন পেয়েছে অলি আহমেদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সংসদ নির্বাচনে দলটির প্রতীক হবে ছাতা। (আরও তথ্যসহ ২) সোমবার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। ২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপি থেকে বেরিয়ে আসা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এবং সাবেক মন্ত্রী অলি আহমেদের নেতৃত্বে এলডিপি গঠিত হয়। তবে এর ছয় মাস পর বদরুদ্দোজা চৌধুরী এলডিপি থেকে বেরিয়ে তার আগের দল বিকল্পধারায় ফিরে যান। এর আগে বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকে বেরিয়ে ২০০৪ সালের ১০ মার্চ বিকল্পধারা প্রতিষ্ঠা করেন। এলডিপি গঠিত হলে তা নতুন দলটিতে একীভূত হয়। এলডিপিকে নিবন্ধন সনদ দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "নিবন্ধন কার্যক্রম শুরুর পর প্রথম কোনও দলকে সনদ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আজ এর শুভযাত্রার সূচনা হলো। নিবন্ধনের মধ্য দিয়ে দলগুলোর সঙ্গে ইসির স্থায়ী সম্পর্ক তৈরি হচ্ছে।" সিইসি বলেন, "রাজনৈতিক দলগুলোর ওপর কোনও ধরনের নিয়ন্ত্রণ আরোপ নয়, বরং নিবিড় সম্পর্ক স্থাপনই নিবন্ধনের উদ্দেশ্য। পাশাপাশি দলগুলোতে গণতন্ত্রায়নেও ভূমিকা রাখবে নিবন্ধন। দলগুলো আইনি কাঠামোর মধ্য থেকে তাদের আদর্শ ও লক্ষ্য অর্জন করবে।" শামসুল হুদা বলেন, "সময় স্বল্পতার মধ্যেও নিবন্ধনের জন্য বড় দলগুলোর আবেদন করা ইতিবাচক। আমরা আশা করি, এর মধ্য দিয়ে আসন্ন সংসদ নির্বাচনে ভালো আবহ তৈরি হবে।" সিইসি বলেন, "আমাদের পূর্ববর্তী কমিশনও নিবন্ধনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সফল হয়নি। আমরা সফলভাবে তা করতে পারছি। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা মনোভাবেরও প্রকাশ ঘটেছে।" নিবন্ধন সনদ পাওয়ার পর অলি আহমেদ সাংবাদিকদের বলেন, "নিবন্ধনের মধ্য দিয়ে দলগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কঠিন শর্ত মেনে নিবন্ধিত হয়েছি। এর মধ্য দিয়ে নতুন ও ছোট দল হয়েও ইতিহাস গড়লো এলডিপি।" অলি আহমেদ র্র্নিবাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, "জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া না হলেও নির্বাচনের জন্য তা অনেকটা শিথিল করতে হবে।" এলডিপি প্রধান বলেন, "আমরা সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রতীক চেয়েছি-ছাতা। আমাদের তা দেওয়া হয়েছে।" গত ২৭ আগস্ট নিবন্ধন ফরম বিতরণ শুরু করে ইসি। ফরম সংগ্রহের পর এলডিপি ১১ সেপ্টেম্বর তাদের নিবন্ধনের জন্য আবেদনপত্র ইসিতে জমা দেয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিগত যে কোনও সংসদে ন্যূনতম একটি আসন থাকা অথবা মোট ভোটের ১ শতাংশ অর্জন অথবা কমপক্ষে ১০টি জেলায় পূর্ণাঙ্গ কমিটি থাকার শর্ত ছিল। এলডিপির ক্ষেত্রে শেষ শর্তটি পূরণ হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানান। এদিকে নিবন্ধনের শেষ দিন সোমবার দুপুর ১টা পর্যন্ত মোট ৫৩টি দল ইসিতে আবেদন করেছে। নতুন দলের মধ্যে উল্লেখযোগ্য হলো-জামায়াতে ইসলামী, বিজেপি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি আন্দোলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। বিএনপি আবেদনপত্র সংগ্রহ করলেও সোমবার দুপুর পর্যন্ত জমা দেয়নি। আওয়ামী লীগ আগেই নিবন্ধনের আবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/১৪৩৬ঘ.