২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা কাবিনে গৃহকর্মীকে বিয়ে করে পর্নোসিডি তৈরির অভিযোগ

মিথ্যা কাবিননামার মাধ্যমে গৃহকর্মীকে বিয়ে এবং তাকে দিয়ে পর্নো ছবি নির্মাণের অভিযোগে রোববার ঢাকার একটি আদালতে মামলা করেছেন ওই গৃহকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 06:54 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা কাবিননামার মাধ্যমে গৃহকর্মীকে বিয়ে এবং তাকে দিয়ে পর্নো ছবি নির্মাণের অভিযোগে রোববার ঢাকার একটি আদালতে মামলা করেছেন ওই গৃহকর্মী। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মিজানুর রহমান অভিযোগটি আমলে নিয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। মামলায় আসামিরা হলেন- রাজধানীর হরিচরণ রায় রোডের শুক্কুর আলী শেখ ওরফে শুক্কুর আলী ঢালী, শুক্কুর আলীর স্ত্রী রোকসানা রুবী, আই জি গেট এলাকার আনোয়ার পাশা এবং উত্তর জুরাইনের মুহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া। বাদী গৃহকর্মীর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলায়। মামলার আরজিতে বলা হয়, ১৯৯৩ সাল থেকে বাদী আনোয়ার পাশার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। ওই সময় থেকে আনোয়ার বিয়ে করার আশ্বাস দিয়ে তার সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে থাকেন। এক পর্যায়ে মেয়েটি আনোয়ার পাশাকে আনুষ্ঠানিক বিয়ের জন্য চাপ দিলে ২০০৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে আনোয়ার তাকে বাসা থেকে বের করে দেন। এরপর তিনি বিষয়টি রাজধানীর আইজি গেট এলাকার মহল্লার মাতব্বর শুক্কুরকে জানান। শুক্কুর মেয়েটিকে আনোয়ার পাশার ঘরে তুলে দেবার আশ্বাস দিয়ে আপাতত তার (শুক্কুরের) বাসায় ওঠার প্রস্তাব দেন। তার কথামতো বাদী শুক্কুরের বাসায় ওঠেন। এখানে অবস্থানকালে ২০০৩ সালের শেষের দিকে শুক্কুর নিজে তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। এরপর মহল্লার মসজিদের ইমামের সাহায্যে ভুয়া কাবিননামা তৈরি করে তাকে বিয়ে করেন শুক্কুর। এরপর স্বামী-স্ত্রী সম্পর্কের নাম করে বাদীকে ব্যবহার করে শুক্কুর পর্নো ভিডিও সিডি তৈরি করে দেশে-বিদেশে বাজারজাত করেন। আইনজীবী এ পর্নো সিডিগুলো আদালতে জমা দেন। গত বছরের আগষ্ট মাসের প্রথম সপ্তাহে শুক্কুর তার প্রথম স্ত্রী রুবীর সঙ্গে কথা কাটাকাটির সময় বাদী জানতে পারে তাকে নিয়েএ ভিডিও সিডি বানানোর কথা। এর প্রতিবাদ করলে ওই বছরের ১৩ সেপ্টেম্বর শুক্কুর তাকে মারপিট করে বাসা থেকে বের করে দেন। আরজিতে আরও বলা হয়, গত বছরের ৭ ডিসেম্বর এ মামলার অপর অভিযুক্ত এই বিয়ের কাজি মুহাম্মদ জহিরুল ইসলাম ভূইয়ার সাহায্যে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া কাবিননামা তৈরি করেন শুক্কুর। মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বাদীর কাছ থেকে মামলার কোনো ফিস নেননি। মানবিক কারণে মামলা করেছেন। বাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাটের গুরু হচ্ছে ওই শুক্কুর আলী। আপনারা কোনো সাহায্য না করলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/০০৪৩ ঘ.