ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্য পুনরায় স্থাপনের দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সচেতন শিল্পীসমাজ।
রোববার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গান, কবিতা আর নাটকের মাধ্যমে তারা বিমান বন্দরের সামনে থেকে মাদ্রাসা ছাত্রদের চাপের মুখে বাউলদের ভাস্কর্য সরিয়ে ফেলার প্রতিবাদ এবং তার পুনঃস্থাপনের দাবি জানান। এতে অংশ নেন দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী, আবৃত্তিশিল্পী, আঁকিয়ে ও নাট্যশিল্পীরা।
সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণকলি ইসলাম, আনুশেহ অনাদিল, কফিল আহমেদ ও মাহামুদুজ্জামান বাবু। প্রাচ্যনাট নাটক পরিবেশন করে। সোমবারও তারা একইসময়ে এখানে প্রতিবাদ কর্মসূচি চালাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24