২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসের জামিন পেলেন মির্জা আব্বাস ও ম খা আলমগীর

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে কর ফাঁকির মামলায় রোববার তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে কর ফাঁকির মামলায় রোববার তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া তিনটি চাঁদাবাজির মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হাইকোর্টের জামিন ও মামলার কার্যক্রম স্থগিতের আদেশ এক মাসের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের হাইকোর্ট বেঞ্চ কর ফাঁকির মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে তিন মাসের জামিন দেন। নিম্ন আদালত এ মামলায় মির্জা আব্বাসকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। একই অভিযোগের মামলায় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরকে তিন মাসের জামিন দিয়েছে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ। মামলাটির কার্যক্রমও তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ মামলা কেন আইনগত কর্তত্ববহির্ভুত ও বাতিল ঘোষণা করা হবে না- আগামী ছয় সপ্তাহের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও সরকারকে তার কারণ জানাতে বলেছে আদালত। এদিকে তিনটি চাঁদাবাজির মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হাইকোর্টের জামিন ও মামলার কার্যক্রম স্থগিতের আদেশ এক মাসের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ। হাইকোর্টের আদেশ স্থগিতে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এম এ মতিন এ আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২২০১ ঘ.