২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছিনতাই হওয়া আরও সিগারেট মানিকগঞ্জে উদ্ধার

বগুড়া থেকে ছিনতাই হওয়া আরও প্রায় ২০ লাখ টাকার ১৫৩ কার্টুন সিগারেট মানিকগঞ্জ থেকে রোববার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

মানিকগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া থেকে ছিনতাই হওয়া আরও প্রায় ২০ লাখ টাকার ১৫৩ কার্টুন সিগারেট মানিকগঞ্জ থেকে রোববার উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বগুড়া থেকে পাবনা ও সিরাজগঞ্জ যাওয়ার পথে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটিসি) ৪৬ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ছিনতাই হয়। গত শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ ছিনতাই হওয়া কাভার্ডভ্যান ও ২৬ লাখ টাকা দামের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং কাভার্ডভ্যানের সহকারীর আব্দুল বারীর (৩০) লাশ উদ্ধার করেছিল। এ ঘটনায় শনিবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল সদর উপজেলার ব্যবসায়ী নিমাই বিশ্বাস (৫৫), অপর ভ্যানচালক মাজেদ মিয়া (৩৫), বনপাড়িল বাজারের নৈশপ্রহরী আলী আহমদ (২১), সাইফুল ইসলাম (৩০), হায়দার আলী (৩২) ও নজর আলীকে (৫০)। মালিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, সারাদিন অভিযান চালিয়ে সদর উপজেলার হাটিপাড়া বাজারের নারায়ণ সরকারের দোকান থেকে ৩৬ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়েছে। সকালে বনপাড়িল বাজারের পাশে খোলা মাঠ থেকে ১১৭ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। আরও প্রায় এক লাখ টাকার সিগারেট এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান। এসআই আলমগীর কবির জানান, জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আটককৃত হাটিপাড়া বাজারের ব্যবসায়ী নিমাই বিশ্বাস ও ভ্যান চালক মাজেদা মিয়াকে বগুড়া থানার শাহজাহানপুর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ ছাড়া বনপাড়িল বাজারের নৈশ্য প্রহরী আলী আহমদ, সাইফুল ইসলাম, হায়দার আলী ও নজর আলীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মুহাম্মদ মারুফ হাসান জানান, অবশিষ্ট মাল ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.