২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনঃনির্ধারণ গেজেট স্থগিতের বিরুদ্ধে ফের আবেদন

জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ গেজেটের কার্যতারিতা স্থগিতের আদেশ খারিজের জন্য নির্বাচন কমিশন হাইকোর্টের ফের আবেদন করেছে। সোমবার এর ওপর শুনানি হতে পারে। কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও ড. শাহদীন মালিক রোববার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চে আবেদনটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ গেজেটের কার্যতারিতা স্থগিতের আদেশ খারিজের জন্য নির্বাচন কমিশন হাইকোর্টের ফের আবেদন করেছে। সোমবার এর ওপর শুনানি হতে পারে। কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও ড. শাহদীন মালিক রোববার বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চে আবেদনটি দায়ের করেন। ড. শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সীমানা পুনঃনির্ধারণের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি আদালতের রোববারের কার্যতালিকার ১৭৬ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। এ অবস্থায় থাকলে আগামী ছয় মাসেও রিটটির ওপর শুনানি হবে না।" তিনি আরো বলেন, "এর পরিপ্রেক্ষিতে সীমানা গেজেটের কার্যতারিতা স্থগিতের আদেশ বাতিলের জন্য নির্বাচন কমিশনের পক্ষে ফের আবেদন করেছি। আবেদনটি আদালতের সোমবারের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে। এদিন এর ওপর শুনানি হতে পারে।" কমিশনের আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের আদেশ বাতিল না হলে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে যেতে পারে। তাই হাইকোর্টের আদেশ খারিজ করা প্রয়োজন। অন্যদিকে, রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিশনের আবেদনের কপি আমরা এখনো পাইনি। কপি পেলে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।" সীমানা পুনঃনির্ধারণের গেজেটের কার্যতারিতা স্থগিতের আদেশ খারিজের জন্য গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে আবেদন করে। একই দিন ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির জন্য বিচারপতি মীর হাসমত আলীর নেতৃত্বের বেঞ্চে রিটকারী পক্ষ আবেদন জানায়। এ অবস্থায় গত ১৪ অক্টোবর আবেদনটি হাইকোর্টের আরেক বেঞ্চে শুনানির জন্য ফেরত নিয়ে আসে নির্বাচন কমিশন। সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা- ২ নবাবগঞ্জ আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল মান্নান গত ৬ আগস্ট রিটটি দায়ের করেছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। তিনশ'টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গত ১০ জুলাই গেজেটটি জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৪৭ ঘ.