ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর যটকম)- গ্যাস শিল্পের বিকাশ ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডকে রূপান্তর করে 'বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড' ও 'কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড' নামে দুটি আলাদা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বৃহত্তর নোয়াখালী জেলা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিডিটেডের আওতায় থাকবে। আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস বিতরণের এলাকা হবে বৃহত্তর চট্টগ্রাম জেলা ও পার্বত্য চট্টগ্রাম এলাকা।"
তিনি জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জন্য চট্টগ্রামে অফিস স্থাপন করা হবে। গত ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা চট্টগ্রামে গ্যাস সরবরাহের জন্য আলাদা কোম্পানি গঠনের ঘোষণা দেন।
ফাহিম মুনয়েম জানান, বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা (সংশোধনী) অধ্যাদেশ-২০০৮ এবং স্থানীয় সরকার সিটি করপোরেশন (সংশোধনী) অধ্যাদেশ- ২০০৮ এ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এই সংশোধনীর মাধ্যমে নির্বাচনী অপরাধের জন্য ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান সংযোজন করা হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৬ মাস কারাদণ্ড বা ৫০ হাজার অর্থদণ্ড কিংবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।
আগের আইনে নির্বাচনী মামলায় আপিল করার সময়সীমা ছিল ১২০ দিন। সংশোধিত আইনে এটা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ জাতীয় অলিম্পিক কমিটির এনওসি-বিএএন অধ্যাদেশ-২০০৮ উপস্থাপন করা হলেও উপদেষ্টা পরিষদ তা আরো পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে।
এছাড়া আসন্ন হজ মওসুমে সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী বহন সম্ভব কি না তা খতিয়ে দেখতে বিমান পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআরএফ/জেকে/এমএইচবি/২০০৮ ঘ.
bdnews24