মাগুরা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা শহরের হাসপাতাল পাড়া থেকে রোববার বিকেলে একটি কষ্টি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এরা হলেন- ঝিনাইদহের চাকলাপাড়ার সুরঞ্জন দাস (৪৫), মাগুরা শহরের ঋষি পড়ার সুকুমার দাস (৪৮), গুরুপদ দাস (৩৫) ও হাসপাতাল পাড়ার কামরুল হাসান ডাবলু।
মাগুরা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ কুমার জানান, তারা হাসপাতাল পাড়ার কামরুল হাসান ডাবলুর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেছেন। ক্রেতা সেজে তারা এ চক্রকে ফাঁদে ফেলেন।
তিনি জানান, আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে কুষ্টিয়ার একটি পাচারকারী চক্রের মাধ্যমে মূর্তিটি তাদের হাতে আসে। মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.
bdnews24