বেনাপোল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল পুটখালী সীমান্তের শিকড়ি বটতলা এলাকা থেকে রোববার সকালে চার হাজার পিস ট্রাউজার আটক করেছে বিডিআর।
এছাড়া জেলার শার্শা উপজেলার বাগআচড়া বাজারের একটি গুদাম থেকে ২৭০ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় এমওপি সার আটক করেছে যৌথবাহিনী।
বাংলাদেশ রাইফেলস- বিডিআরের বেনাপোল কোম্পানির কমান্ডার সুবেদার এমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর জওয়ানরা শিকড়ি বটতলা এলাকায় একটি ট্রাককে (চট্টগ্রাম-ন-১৩৫৬) চ্যালেঞ্জ করলে ট্রাকটি ফেলে রেখে চালক ও অন্যরা পালিয়ে যায়।
বিডিআর জওয়ানরা ট্রাক তল্লাশি চার হাজার পিস ট্রাউজার উদ্ধার করেন।
সুবেদার এমদাদ জানান, ট্রাউজারগুলো ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। আটককৃত ট্রাউজার বেনাপোল কাস্টমস্ এর গুদামে জমা দেওয়া হয়েছে। ট্রাউজারগুলোর বাজারমূল্য ৬৩ লাখ টাকা বলে তিনি জানান।
যশোরের শার্শা উপজেলার সহকারী ভূমি কমিশনার মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা রোববার সকালে বাগআচড়া বাজারের বাবুর গোডাউন থেকে আমদানি নিষিদ্ধ ২৭০ বস্তা ভারতীয় এমওপি সার আটক করেছেন।
এ সময় সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর শামীম উপস্থিত ছিলেন। আটক সার বেনাপোল কাস্টমস্ এর গুদামে জমা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.
bdnews24