ফরিদপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক সভাপতি প্রার্থীসহ দু'জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে ংঘর্ষের পর সম্মেলন পণ্ড হয়ে যায় এবং ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল আমানে সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় ছাত্রলীগের সম্মেলন আয়োজন করা হয়। শনিবার বেলা ১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ ১২ জন কেন্দ্রীয় নেতা সম্মেলনস্থলে আসার পর সভাপতি প্রার্থী জনি ও ফারহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সভাপতি প্রার্থী জনি (৩২) ও তার সমর্থক স্থানীয় ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অপু (১৫) আহত হন।
আহতদের প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অপুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফিরে যান।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী মিয়া জানান, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কথা বলে অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছিল। এজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জী জানান, ঈদ পুনর্মিলনী ও কর্মীসভার অনুমতি নেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০০১ ঘ.
bdnews24