ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ই-গভর্নেন্স ধারণার সফল বাস্তবায়নে তথ্য প্রযুুক্তির ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা অজর্নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম।
শনিবার রাজধানীতে একটি সেমিনারে তিনি বলেছেন, "ইলেকট্রনিক পদ্ধতিতে অনেক সহজে ও দ্রুত গতিতে তথ্য স্থানান্তর এবং জনগণকে তা জানানো সম্ভব। সরকারি অফিস-আদালতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য স্থানান্তরের ব্যবস্থা চালু হলে জনগণ সহজেই যে কোনো সরকারি সেবা সম্পর্কে তথ্য পাবে। এ জন্য সরকারি কর্মকর্তাদের তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে।"
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ), ক্যানব্যারা যৌথভাবে 'বাংলাদেশে ই-গভনেন্স: উন্নয়নের কৌশলগত পথ' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ম তামিম বলেন, "দেশে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তারে কার্যকর ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাও বিশেষ আগ্রহী। তিনি ইতোমধ্যে এ লক্ষ্যে বিশেষ নির্দেশনাও দিয়েছেন।"
রাজধানীর হোটেল শেরাটনে এ সেমনিারে যৌথভাবে মূল নিবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আহমেদ ইমরান ও অস্ট্রেলীয় ডিফেন্স সার্ভিসের বিশেষজ্ঞ টিম টার্নার।
বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব শেখ ওয়াহিদ উজ জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, বিআইপিএসএস এর সভাপতি এ এন এম মুনিরুজ্জামান, এএনইউ'র অধ্যাপক শার্লি গ্রেগর, বিসিসি'র নির্বাহী পরিচালক জাবেদ আলী সরকার ও সমন্বয়ক কামালউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসএনডি/১৮৫৬ ঘ.
bdnews24