ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শনিবার ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দু'পক্ষের মারামারিতে দু'জন আহত হয়েছে।
'শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ' অনুষ্ঠানটি আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি।
আলোচনা সভায় পরিষদের ঢাকা মহানগর সভাপতি কে এম শহীদুল্লাহ বক্তব্য দেওয়ার সময় চেয়ারে বসা ও শ্লোগান দেওয়া নিয়ে পেছন দিকে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তারা একে অপরের দিকে চেয়ার ছুড়তে শুরু করে।
নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও কয়েক মিনিটের মধ্যে আবারও মারামারি শুরু হয়। এতে উজ্জ্বল ও নাম জানা আরেকজন আহত হন। পরিষদের কর্মী উজ্জ্বলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিষদের এক নেতা জানান, লালবাগ, মোহাম্মদ, ধানমণ্ডি ও তেজগাঁও থানার নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এরপর আবার অনুষ্ঠান শুরু হলে সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ বক্তব্য দিয়ে গিয়ে বলেন, "অত্যন্ত সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। শুরু থেকে ষড়যন্ত্র চলছে। আজকের অনুষ্ঠান থেকেই বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে কী হবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীও অভিযোগ করেন, কিছু মুষ্টিমেয় লোক সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
বক্তব্যে তিনি দাবি করেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর এক কোটি ২১ লাখ মানুষ হতদরিদ্র হয়ে গেছে।
আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফর হোসেন পল্টু প্রমুখ।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/১৮৪৩ ঘ.
bdnews24