২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সংলাপ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আবার সংলাপে বসবে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এর দিন-ক্ষণ না জানালেও শিগগিরই তা হচ্ছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আবার সংলাপে বসবে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এর দিন-ক্ষণ না জানালেও শিগগিরই তা হচ্ছে বলে জানান তিনি। শনিবার বিয়াম মিলনায়তনে এক আলোচনা সভা শেষে হোসেন জিল্লুর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, "সংলাপ একটি চলমান প্রক্রিয়া। নিবন্ধনের পর সংলাপের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাচ্ছে না। নিবন্ধনের জন্য সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে।" "তবে নিবন্ধনের সঙ্গে সংলাপকে লিঙ্ক (এক করে ফেলা) করে ফেলবেন না", বলেন তিনি। হোসেন জিল্লুর বলেন, "নিবন্ধন হচ্ছে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ। প্রত্যেকটি ধাপ পেরুনোর একটি সময়সীমা রয়েছে, তার প্রতিও আমাদের লক্ষ রাখতে হবে।" সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপ গত ২২ মে শুরু হয়। এর আগে চলতি বছরের শুরুতে সরকারের পাঁচ উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। সর্বশেষ সংলাপ হয় গত মঙ্গলবার বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে। ওই সংলাপের পর বিএনপির পক্ষ থেকে সরকারের সঙ্গে পুনরায় সংলাপে বসতে আগ্রহের কথা জানানো হয়। দলটি আরও জানায়, সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতৈক্যের আগে নির্বাচন কমিশনে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে না বিএনপি। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার শনিবারও সাংবাদিকদের বলেন, "সংলাপের পরই নিবন্ধনের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।" রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া সময়-সীমা ২০ অক্টোবর শেষ হবে। বিএনপিসহ চারদলীয় জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানো হয়। নিবন্ধন ছাড়া কোনও দল নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ইসি বলে আসছে। দলীয় গঠনতন্ত্র সংশোধন করে আওয়ামী লীগ ইতোমধ্যে নিবন্ধনের আবেদন করেছে। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়েছে। ইসি জানিয়েছে, নভেম্বরের শুরুতেই এর তফসিল ঘোষণা হবে। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের আশা প্রকাশ করে উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "একটার পর একটা বিষয় নিয়ে সংশয় সৃষ্টি হবে। তবে এ সব সংশয়ের সমাপ্তি ঘটবে নির্বাচনের পরদিন।" তিনি বলেন, "প্রয়োজনের তাগিদেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া বজায় রাখতে হবে। দলগুলোর তরফ থেকেও আলোচনার চাহিদা রয়েছে।" আগামী সংলাপের আলোচ্য বিষয় কী হবে- জানতে চাওয়া হলে হোসেন জিল্লুর বলেন, "গুরুত্বপূর্ণ ও যৌক্তিক বিষয়ে সংলাপ হবে। আমরা নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক গুণগত উত্তরণ নিয়ে আলোচনা করব।" সংলাপ কবে শুরু হবে- প্রশ্ন করা হলে তিনি বলেন, "স্বল্পতম সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।" তাকে নিয়ে ড. কামালের সমালোচনার জবাবে হোসেন জিল্লুর বলেন, "বিভিন্ন জন বলছেন আমরা দৌড়ঝাঁপ করছি কেন। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন; তা অর্জন করতে হলে আমাদের আরও বেশি দৌড়ঝাঁপ করতে হবে। কে কিভাবে দেখছেন, তা বড় বিষয় নয়।" বাণিজ্য উপদেষ্টার তৎপরতার সমালোচনা করে ড. কামাল হোসেন শুক্রবার বলেন, "বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য নিয়ে কাজ না করে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।" কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের বিষয়ে হোসেন জিল্লুর বলেন, "খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা করা নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই- আমি পতাকাবাহী গাড়িতে করেই সেখানে গিয়েছিলাম এবং আমার সামনে পেট্রোল পুলিশও ছিল।" হোসেন জিল্লুর গত ১১ অক্টোবর সেনানিবাসের মইনুল সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যান। ওই বৈঠকের খবর পেয়ে জড়ো হওয়া সাংবাদিকদের এড়াতে উপদেষ্টা বিকল্প পথে সেনানিবাস এলাকা ত্যাগ করেন। পরদিন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানোর কথা বলেও কিছু জানাননি তিনি। বিয়াম মিলনায়তনে 'শিক্ষার শেকড়, শিক্ষার ফসল ও মানসম্মত স্কুলশিক্ষার পথ সন্ধান' শিরোনামে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, ড. মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএ/এমআই/জিএনএ/১৬৪৪ ঘ.