কুমিল্লা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লামপুর গ্রামে শনিবার ভোররাতে চোরের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে গণপিটুনিতে চোরেরও মৃত্যু হয়।
ছুরিকাঘাতে নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম। গণপিটুনিতে নিহত চোর হচ্ছে- আব্দুল ওয়াদুদ। দুই জনের বাড়িই লামপুর গ্রামে।
রাত ৩টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, "রাত ৩টার দিকে ওয়াদুদ একই গ্রামের তাজুলের বাড়িতে চুরি করতে যায়। তাজুল জেগে উঠে বাধা দিলে ওয়াদুদ তাজুলকে ছুরিকাঘাত করে।"
ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তাজুলের মুত্যু হয়।
ওসি বলেন, "ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে ওয়াদুদকে ধরে ব্যাপক মারধর করলে তারও মৃত্যু হয়।"
ওয়াদুদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৫৩০ ঘ.
bdnews24